এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৬৮ হাজার ৩৯০টি পদে শিক্ষক নিয়োগ দিতে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এসব পদের মধ্যে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল-কলেজের ৩১ হাজার ৫০৮টি পদ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২টি পদ রয়েছে। ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। তবে ১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। গতকাল বুধবার রাতে শিক্ষক নিয়োগের এই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার টাকা ফি দিয়ে একটি মাত্র আবেদনে ৪০টি প্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন প্রার্থীরা। ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম তারাই শুধুমাত্র আবেদনের সুযোগ পাবেন। পছন্দ দেওয়ার পরও কোনো প্রার্থী যদি তার পছন্দবহির্ভূত দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই-অ্যাপ্লিকেশন ফরমে প্রদর্শিত ‘Other Option’ নামের বক্সে ‘ইয়েস’ ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন, তবে ‘নো’ ক্লিক করতে হবে।
