রংপুর সিটি নির্বাচন (রসিক) নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটার ছাড়া কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল বৃস্পতিবার দুপুরে রংপুর সরকারি কলেজের অডিটরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে রসিক নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের ছয় দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে চাকরি যাবে না, কিন্তু অন্যায় অবিচার করলে কঠোর শাস্তি দেওয়া হবে।
রসিক নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল বাতেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, আরপিএমপি কমিশনার নুরে আলম মিনা, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার প্রমুখ।
