সরিষাবাড়ীতে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৫

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৪:১৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে ১৮ জনের নামোল্লেখ করে থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। পরে পুলিশ একজনকে আটক করেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আটক বাবলু মিয়াকে (৪৫) জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাউসী দক্ষিণপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে আব্দুর রাজ্জাকের (৫২) সঙ্গে একই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে মাহমুদ হাসান রুবেলের (৪৫) দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এ ঘটনায় মাহমুদ হাসান রুবেল লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িঘরে হামলা ও বিরোধপূর্ণ জমি বেদখলের চেষ্টা করেন।

এ সময় আব্দুর রাজ্জাক ও তার বোন রেজিয়া বেগম বাধা দিলে রুবেল ও তার লোকজন বেধড়ক মারধর করেন।

এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫২), বেহুলা বেগম (৬৮), দীপু (২৬), মাজেদা বেগম (৪২), দুলাল মিয়া (৬৩), ওয়াজেদ আলী (৪৮) ও নিরব (১৯), হাবিল (৫৯), মজিবর (৬৫) ও শাহীন (৪০) সহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর খান জানান, রেজিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামিকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত