মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১১:৫০ পিএম

ইউরোপিয়ান শীর্ষ ফুটবল লিগগুলোর মধ্যে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। দীর্ঘ বিরতির পর আবারও আজ মাঠে ফিরছে ইপিএল। একমাস ফুটবল বিশ্বকাপে বুঁদ ছিল মানুষ। বিশ্বকাপ বিরতির পর ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে ইপিএলই সবার আগে মাঠে ফিরছে। ঐতিহ্য মেনে বক্সিং ডে তে আছে খেলা।

ব্রেন্টফোর্ড ও টটেনহামের ম্যাচ দিয়ে শুরু হবে লিগ। একই দিনে আছে আরও ছয়টি ম্যাচ। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ তো এরই মধ্যে বাকি দলগুলোকে হুমকি দিয়ে রেখেছেন। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা চান পয়েন্ট ব্যবধান ধরে রেখে লিগ শিরোপা জিততে।

বিশ্বকাপ বিরতির আগে নতুন কোচ উনাই এমিরির অধীনে শুরুটা দারুণ করেছে ভিলা। জিতেছে টানা দুই ম্যাচ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে দলটি। বর্তমানে ১২ নম্বরে আছে ভিলা। অবনমন অঞ্চলে থাকা দলের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে। লিভারপুল আগেই নেমেছে মাঠে, ইংলিশ লিগ কাপে। শেষ ষোলোতে তারা হেরেছে ম্যানসিটির কাছে। লিগে ছয়ে থাকা লিভারপুলের জয় প্রয়োজন শীর্ষ চারের ওপর চাপ বজার রাখতে। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ খেলেন অ্যাস্টনভিলাতে। তবে আজ লিভারপুলের বিপক্ষে খেলবেন না তিনি। ফিলিপ কুতিনহো এই ম্যাচেও শুরুর একাদশে মাঠে নামবেন না। লিভারপুল দলেও ফেরেননি ফ্রান্সের ইব্রাহিম কোনাতে। তবে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক খেলতে পারেন এই ম্যাচে। নিজেদের মাঠ এমিরেটসে আর্সেনাল খেলবে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে। প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্টে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। চলতি মৌসুমে লিগে আর্সেনালের হয়ে ৫ গোল ও ৬ অ্যাসিস্ট করেন গ্যাব্রিয়েল জেসুস। তবে আজ তাকে পাচ্ছে না আর্সেনাল। বিশ্বকাপের সময় হাঁটুর ইনজুরিতে পড়েন জেসুস।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিস করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ওই পেনাল্টিতে গোল করতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত। কেইন পেনাল্টি মিস করলেও তার ওপর আস্থা হারাননি ক্লাব কোচ আন্তনিও কন্তে। বলেন, ‘কেইনকে নিয়ে আমি চিন্তিত নই। কারণ আমরা বিশ্বসেরা স্ট্রাইকারকে নিয়ে কথা বলছি।’ আজ টটেনহাম খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত