চাঁদার দাবিতে হামলা, প্রতিবাদে মিছিল-মানববন্ধন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১২:২১ এএম

ময়মনসিংহের ত্রিশালের বগারবাজারের নিরঞ্জন দেবনাথ নামের এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে তার দোকানে হামলা, লুট ও ভাঙচুরের প্রতিবাদে এবং এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বগারবাজার ব্যবসায়ী সমিতির লোকজন।

গতকাল রবিবার দুপুরে উপজেলার বগারবাজারে ওই মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান সুরঞ্জন দেবনাথ বলাই, বগারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাঈদ ফকির প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বগারবাজার প্রদক্ষিণ করে।

ভুক্তভোগী নিরঞ্জন দেবনাথ অভিযোগ করেন, গুজিয়াম মৌজার বগারবাজারে ২৬ শতাংশ জমির মালিক তিনি। প্রতিপক্ষের লোকজন একই জমির ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি ও পৃথক দলিল দেখিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ১৮ ডিসেম্বর রাতে তার দোকানে হামলা চালিয়ে মালামাল লুট এবং বুলডোজার দিয়ে দোকানঘর ভেঙে ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত