বহুল প্রত্যাশিত মেট্রোরেল উদ্বোধন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘অনির্বাচিত সরকার মানুষকে খুশি করার জন্য অনেক কিছু করে। কিন্তু অনির্বাচিত আওয়ামী লীগ সরকারের প্রতিটি কাজের মধ্যে নানা রকম দুর্নীতি-অনাচারের স্পষ্ট প্রমাণ রয়েছে। ঢাকা মহানগরের জনগণের যাতায়াত নির্বিঘœ করতে জনগণের টাকায় নির্মিত মেট্রোরেলের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা জনগণের কষ্ট বাড়াবে।’ গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালযে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘মেট্রোরেল আইন এবং বিধিমালায় বলা হয়েছিল, ঢাকা মহানগরের জনগণের যাতায়াত নির্বিঘœ, সুগম করার জন্য জনগণের টাকায় এই প্রকল্প করা হয়েছে। জনগণের টাকা ব্যয় করা হয়েছে এবং অনেক বেশি ব্যয় করা হয়েছে। তারপরও দেখছি আমরা ঢাকার বাস ভাড়ার প্রায় দ্বিগুণ হয়েছে মেট্রোরেলের ভাড়াযা অস্বাভাবিক। আর বলা হচ্ছে, এটা আরামদায়ক হবে। সরকার যে গণবিরোধী এই ঘটনা তার প্রমাণ। এমতাবস্থায় এই সরকারের পতন ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।’
গণমিছিলের বিষয়ে ডিএমপিকে চিঠি ; বিএনপি গণমিছিলের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গণমিছিলের রুট ঘোষণা করে চিঠির মাধ্যমে প্রশাসনকে জানায় দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল ৩০ ডিসেম্বর দুপুর ২টায় বের হবে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে।
