রুশ নেতার ভবিষ্যদ্বাণীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাস্ক!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১১:৩৮ পিএম

ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ অনুচর, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রুশ নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নানা মন্তব্য করে আলোচনায় আছেন। এবার মেদভেদেভ আগামী বছর ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ বাধবে এবং যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর টেসলা-টুইটার প্রধান ইলন মাস্ক দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও নিজের টেলিগ্রাম চ্যানেলে ২০২৩ সালের ভবিষ্যদ্বাণীর একটি তালিকা প্রকাশ করেন তিনি। সেই তালিকায় আগামী বছর ফ্রান্স-জার্মানির যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার কথা তুলে ধরেছেন মেদভেদেভ। টেসলাপ্রধান এবং এখন টুইটারেরও মালিক মাস্ক পাল্টা টুইটে রুশ নেতার ভবিষ্যদ্বাণীকে ‘এপিক থ্রেড’ (বেশ বড় কথা হিসেবে) অ্যাখ্যা দিয়েছেন। অবশ্য বেশ কিছু ভবিষ্যদ্বাণীর সমালোচনাও করেছেন মাস্ক।

এ ছাড়া ভবিষ্যদ্বাণীতে মেদভেদেভ বলেছেন, ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে ফের যুক্ত হতেও দেখেছেন। তবে যুক্তরাজ্য যুক্ত হওয়ার পর ইউরোপের এই জোটটি ভেঙে যাবে বলেও ধারণা তার। সাবেক এই রুশ প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণীতে তেলের দাম ব্যারেলপ্রতি দেড় শ ডলারে পৌঁছাবে বলেও বলা হয়েছে। হাঙ্গেরি ও পোল্যান্ড ইউক্রেনের পশ্চিম অংশ দখল করে নেবে, ইউরোপের ছোটখাটো দেশ নিয়ে জার্মানিতে ‘চতুর্থ রাইখের উত্থান’ হবে, নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে, বেশির ভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও ইউরোপ ছেড়ে এশিয়ার দিকে যাবে বলেও অনুমান মেদভেদেভের।

তার এসব ভবিষ্যদ্বাণী এরই মধ্যে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল সৃষ্টি করেছে, অনেকে সাবেক রুশ প্রেসিডেন্টের গণক হিসেবে আবির্ভাব এবং তার করা ভবিষ্যদ্বাণী নিয়ে কৌতুকও করছেন। মেদভেদেভকে কিছুদিন আগেও পশ্চিমা গণমাধ্যমগুলো ‘উদারপন্থি’ বলে আসছিল; কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে তাকে যুদ্ধে পুতিনের চেয়েও তীব্র মনে হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে পুতিনের শীর্ষ এই সহযোগী বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন; কিছুদিন আগে ইউক্রেনীয়দের তিনি ‘তেলাপোকা’ বলে অভিহিত করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত