নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অন্তত চারজন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা নাজমা বেগম (২৫) ও তার চার বছরের ছেলে নাছিম। নাজমা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জলিলের স্ত্রী। দাদির মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে যাওয়ার পথে তিনি নৌকায় নদী পার হচ্ছিলেন।
অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নাজমা তার চার বছরের সন্তানকে নিয়ে ডাঙায় উঠতে পারেননি। পরে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা এসে নাজমা ও তার সন্তানের মৃতদেহ উদ্ধার করে। এ ছাড়া নৌকাটির আরও কমপক্ষে চার যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মতো যাত্রী ছিল। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চলছে।’
