শেখ হাসিনাকে চীনা কমিউনিস্ট পার্টির অভিনন্দন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৬:৩৯ এএম

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে আবারও সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)। পার্টির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে অভিনন্দন জানান পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও।

লিউ জিয়ানচাও স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বের সরকার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে মাথাপিছু আয়ের দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রথম স্থান অধিকার করে। আমাদের বিশ্বাস, আপনার নেতৃত্বে আওয়ামী লীগ আপনার প্রয়াত বাবা শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নের জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবেÑ যা বাংলাদেশের জনগণকে আরও বেশি উপকৃত করবে।

সিপিসির পাঠানো বার্তায় আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে সিপিসির জেনারেল সেক্রেটারি ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নির্দেশনায় চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও জোরদার হচ্ছে।

উভয় দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যের নির্দেশনা অনুসরণ করতে, পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে আরও জোরদার করতে এবং দুদলের স্বাক্ষরিত বিনিময় ও সহযোগিতা সংক্রান্ত এমওইউ বাস্তবায়নে আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত