সোনারগাঁ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্টার না থাকায় ১৫ দিন ধরে জমি রেজিস্ট্রি বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিরা।
সোনারগাঁ উপজেলা সাব রেজিস্ট্রার আ ন ম বজলুর রশিদ মন্ডল গত ১৭ ডিসম্বর বদলি হওয়ার পর নতুন কাউকে দায়িত্ব না দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান দলিল লেখক সমিতির নেতারা।
উপজেলায় প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। ১৫ দিন ধরে দলিল রেজিস্ট্রি বন্ধ থাকায় দলিল করতে আসা দাতা ও গ্রহীতারা যেমন বিপাকে পড়েছেন, তেমনি সরকারও বিপুল অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছে।
কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন গ্রামের আবুল হাসেম জানান, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মেয়ের বিয়ের তারিখ ঠিক হয়ে আছে। জমি বিক্রি করে বিয়ের খরচ মেটাতে হবে। জমি রেজিস্ট্রি বন্ধ থাকায় এখন বিপদে পড়ে গেছি।
সোনারগাঁ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখক বিল্লাল হোসেন বলেন, সাব রেজিস্ট্রার না থাকার কারণে জমি কেনাবেচা সম্ভব হচ্ছে না। ফলে ক্রেতা-বিক্রেতারা সমস্যায় পড়েছেন।
নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জামিলুর রহমান বলেন, ‘বদলিজনিত কারণে পদটি শূন্য। এ পদে পদায়নের বিষয়টি ভূমি মন্ত্রণালয় দেখভাল করে। এখানে যত দ্রুত সম্ভব কাউকে পদায়ন করার জন্য আমার পক্ষ থেকে চেষ্টা থাকবে।’
