‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিতে তৃতীয় মেয়াদে আরও ৯০ দিন সময় নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত আইনটি নির্দিষ্ট সময়ে পরীক্ষা করে প্রতিবেদন দিতে না পারায় গতকাল রবিবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও সময় চাওয়া হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) পরীক্ষা-নিরীক্ষার জন্য তৃতীয়বারের মতো আরও ৯০ দিন সময় চান। এ সময় অধিবেশনের সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। ফলে মোট চার মেয়াদে ২৭০ দিন অর্থাৎ ৯ মাস সময় পেল সংসদীয় কমিটি।
এর আগে গত বছর ২৮ মার্চ মাত্র এক মাসের নোটিসে বা এক মাসের মূল বেতন পরিশোধ করে চাকরিচ্যুত করা যাবে এবং ন্যূনতম বেতন হারের কম বেতন দিলে এক বছর থেকে পাঁচ বছরের জেলের বিধান রেখে বহুল আলোচিত ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২’ জাতীয় সংসদে উত্থাপিত হয়। এরপর বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। তখন বিলটি পরীক্ষার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছিল।
এরপর কমিটি গত বছর অর্থাৎ ২০২২ সালের ৬ জুন প্রথম মেয়াদে ৬০ দিন সময় বাড়িয়ে নেয়। পরবর্তীকালে গত বছরের ৩০ আগস্ট দ্বিতীয় মেয়াদে আরও ৬০ দিন সময় চাইলে সংসদ সেবারও তাতে অনুমোদন দেয়।
খাসজমি দখলে জেল-জরিমানার বিধান রেখে হাটবাজার বিল সংসদে : হাট ও বাজারের খাসজমি অবৈধভাবে দখল বা কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ বিল উত্থাপন করা হয়েছে। অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে বিলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে ফৌজদারি কার্যবিধির ৩২ অনুচ্ছেদের বাইরে গিয়ে তিনি অর্থদণ্ড আরোপ করতে পারবেন।
গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বিলটি উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
