গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্বশত্রুতার জেরে এক গৃহবধূকে প্রকাশ্য দিনের বেলায় গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছে দেবর। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বাগঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউনুছ আলী মোল্যার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) হাতে জগ নিয়ে ঘর থেকে বাইরে নলকূপে খাওয়ার পানি আনতে যায়। সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা তার আপন দেবর লিয়াকত হোসেন মোল্যা (৪৭) ও অন্য দেবর আবদুর রহমানের ছেলে সোহেল মোল্যা (৩০) কয়েকজন অজ্ঞাতনামা লোক নিয়ে বাড়ির উঠানে একটি পেয়ারা গাছের সঙ্গে সুফিয়া বেগমের হাত-পা বেঁধে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। থানায় অভিযোগ না এলেও অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।’
