এবারের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামী শুক্রবার। দুই পর্বের এই ইজতেমার প্রথম পর্বে তিনদিনের আয়োজন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে রবিবার।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘœ করতে বিভিন্ন রুটে ৫ জোড়া বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। গত সোমবার রেলওয়ে (পূর্বাঞ্চল) এ তথ্য জানিয়েছে।
ইজতেমার প্রথম পর্বে শুক্রবার থেকে আখেরি মোনাজাত ও দ্বিতীয় পর্বে পরের শুক্রবার ২০ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এ সেবা চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই পর্বের আখেরি মোনাজাতের আগে ও আখেরি মোনাজাতের দিন এই বিশেষ ট্রেন পরিচালিত হবে।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো. শহিদুল ইসলাম জানান, ইজতেমার দুই পর্বে ঢাকা থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়াও জামালপুর থেকে বিশেষ ট্রেন চলবে এবং ময়মনসিংহে আখেরি মোনাজাতের দিন ২টি বিশেষ ট্রেন যাবে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুরের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য বিভাগ।
ট্রেনের সময়সূচি : ১৩ জানুয়ারি ও ২০ জানুয়ারি ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল পরিচালিত হবে। যা ঢাকা থেকে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০মিনিটে টঙ্গী পৌঁছবে। একইভাবে দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে গিয়ে বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছবে। এছাড়াও ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চলবে। যা সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছবে।
আখেরি মোনাজাতের দিন ১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি বিশেষ ট্রেন ঢাকা-টঙ্গী স্পেশাল-১, ২, ৩, ৪, ৫ নামে পাঁচটি স্পেশাল ট্রেন ঢাকা-টঙ্গীর মধ্যে চলাচল করবে। এছাড়াও টঙ্গী-ময়মনসিংহ ১, ২ ও টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল নামের আরও দুটি ট্রেন চলাচল করবে।
এদিকে প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত আখেরি মোনাজাতের দিন ঢাকা অভিমুখী সব আন্তঃনগর মেইল/এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।
১৫ ও ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস ও সোনারবাংলা এক্সপ্রেস বাদে অন্যসব আন্তঃনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন আপ-ডাউন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে। এছাড়াও আখেরি মোনাজাতের পরের দিন ১৬ জানুয়ারি ও ২৩ জানুয়ারি ইজতেমা থেকে বহির্গামী টিকিটধারী যাত্রীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশনে আরোহণের সুবিধার্থে সব ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট থামবে।
আখেরি মোনাজাতের দিন ১৫ ও ২২ জানুয়ারি তুরাগ-১, ২, ৩ ও ৪ ট্রেন চলাচল করবে না ও ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেন ঢাকা থেকে ৪টা ৪০ মিনিটের পরিবর্তে ৫টা ২৫ মিনিটে এবং ৪ নম্বর কর্ণফুলী কমিউটার ট্রেন আখেরি মোনাজাতের দিন সকাল ৮টা ৩০ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা এবং ৩৪ নম্বর তিতাস কমিউটার ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।
