২৭০০ কোটি টাকা দিতেই হচ্ছে তিন মোবাইল কোম্পানিকে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৩:৫৯ এএম

তিন মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে ২ হাজার ৭০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। লাইসেন্স নবায়ন, ভ্যাট বাবদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কাছে এই টাকা পাওনা।

এ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন কোম্পানির করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে এ রায় দেয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

বিটিআরসির আইনজীবী রেজা-ই-রাকিব দেশ রূপান্তরকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী গ্রামীণফোন দেবে ১৫০০ কোটি টাকা। রবি দেবে ৫৫০ কোটি আর বাংলালিংক দেবে ৬৫০ কোটি টাকা। আদালতের রায় অনুযায়ী ভ্যাটের কোনো রেয়াত তারা পাবে না। কতদিনের মধ্যে এ টাকা দেবে সেটি পূর্ণাঙ্গ রায়ে জানা যাবে।

তিনি বলেন, তিন মোবাইল ফোন কোম্পানির লাইসেন্স নবায়ন ফি এবং ভ্যাট অতিরিক্ত উল্লেখ করে এতে আপত্তি জানিয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট আবেদন হয়। ওই বছর এক রায়ে হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে রায় দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে মোবাইল অপারেটর আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ আজ (গতকাল) রায় দিয়ে বলেছে, তাদের কাছে বিটিআরসি ও এনবিআরের এ পাওনা টাকা পরিশোধ করতে হবে।

বিটিআরসির আইনজীবী বলেন, ‘পূর্ণাঙ্গ রায় পেলেই আমরা পাওনা দাবি করব।’

রায়ের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এখন এ তিন প্রতিষ্ঠান থেকে এনবিআর এবং বিটিআরসি টাকা আদায় করবে। ভ্যাটের ক্ষেত্রে ২০১১ সালের আইনটি সংশোধন করা হয়েছে। এই সংশোধনের ফলে আমরা তাদের কাছে ভ্যাট দাবি করতে পারি।’

আদালতে মোবাইল ফোন কোম্পানির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ অইনজীবী এ এফ এম হাসান আরিফ ও তানজীব-উল আলম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত