নেত্রকোনার কলমাকান্দায় ১০ম শ্রেণির আলীয়া মাদ্রাসার এক শিক্ষার্থী (১৪) দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগ এনে গতকাল বুধবার ভুক্তভোগীর বোন বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। এ ঘটনায় মামলার এ জাহারভুক্ত আসামি উপজেলার খারনৈ গ্রামের শাহ আলম মিয়াকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের লিমন মিয়া ওরফে বাব্বা ও একই গ্রামের রুবেল মিয়া (২২)।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী গত ২৯ ডিসেম্বর তার খালার বাড়িতে বেড়াতে যান। সেখানে বাড়ি সংলগ্ন ইসলামী সভায় খালাসহ ভুক্তভোগী যান। ওই দিন রাত ১২টার দিকে সভাস্থলে বিদ্যুৎ চলে গেলে খালাসহ ভুক্তভোগী বাড়িতে ফিরে আসেন। খালার বাড়ির পুকুরে হাত মুখ ধোয়ার সময় ভুক্তভোগীকে পূর্ব থেকে ওত পেতে থাকা লিমন মিয়া ও রুবেল মিয়া মুখ চেপে ধরেন। পুকুরের পূর্ব পাশে জনৈক জুলহাসের ধান ক্ষেতের পতিত জমিতে নিয়ে যায় ভুক্তভোগীকে। পরে প্রথমে লিমন মিয়া পরে রুবেল মিয়া ধর্ষণ করে। এ সময় শাহআলম মিয়াকে ঘটনাস্থলে দেখতে পেয়ে ভুক্তভোগী দুজনের কাছ থেকে বাঁচানোর জন্য আর্তনাদ করেন। পরবর্তী সময়ে শাহআলমও ধর্ষণ করেন। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম ধর্ষণ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দির জন্য এবং গ্রেপ্তারকৃত আসামি শাহআলমকেও আদালতে পাঠানো হয়েছে।
