দৈনিক বাংলা সম্পাদক প্রতিবেদকের বিরুদ্ধে মামলায় নিন্দা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:১৯ এএম

প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে মানহানির মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল বুধবার এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি দীপু সারোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে।

সরকারের বিভিন্ন সংস্থার করা ইয়াবা পাচারকারীদের নতুন খসড়া তালিকার ওপর ভিত্তি করে গত ৬ জানুয়ারি দৈনিক বাংলায় ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, সরকারের বেশ কয়েকটি সংস্থা ইয়াবা পাচারকারী ২৫৫ জনের যে তালিকা করেছে, তাতে ৩ নম্বরে আছে শফিউল্লাহ শফির নাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত