পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যার আলোচিত ঘটনায় যুবলীগকর্মী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকা থেকে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। গ্রেপ্তার আনোয়ার হোসেন মামুন হত্যা মামলার হুকুমের আসামি ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের ভাই। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আনোয়ার। এর আগে মামুন হত্যা মামলায় যুবলীগ নেতা কামাল উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছিল র্যাব। এ নিয়ে মামলার এজাহারে নাম থাকা চার আসামি গ্রেপ্তার হলো।
ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেংরি এলাকায় গত ৪ জানুয়ারি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাগ্বিতন্ডার জেরে আনোয়ার হোসেনের গুলিতে রিকশাচালক মামুন হোসেন নিহত ও আরও দুজন আহত হন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় নিহত মামুনের মা লিপি বেগম বাদী হয়ে কামাল উদ্দিন ও তার ভাই আনোয়ার হোসেনসহ তিন-চারজন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
