যুব ইউনিয়নের সম্মেলন

বেকারদের সামাজিক নিরাপত্তায় আনার আহ্বান দেবপ্রিয়র

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:০৪ এএম

দেশের বেকার যুবকদের সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওত্তায় আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘সর্বশেষ জনশুমারির তথ্যানুযায়ী, দেশে এখন পাঁচ কোটি যুবক রয়েছে। এর মধ্যে গড়ে তিনজনের মধ্যে একজন বেকার। দেশে কর্মের নিশ্চয়তা দিয়ে আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।’ গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ যুব ইউনিয়নের দ্বাদশ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রখ্যাত এই অর্থনীতিবিদ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘কর্মের নিশ্চয়তা দিয়ে একটি আইন প্রণয়ন করা দরকার। যেমন করে খাদ্যনিরাপত্তার আইন দরকার, বৈষম্যবিরোধী আইন প্রয়োজন, তেমনি যুবসমাজের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি আইনের দাবি ওঠানো উচিত। যুবসমাজের যারা কর্মহীন আছে, স্বনিবন্ধনের মাধমে যদি হাজার টাকাও দেওয়া যায় তাহলে শূন্য দশমিক ২ শতাংশ জিডিপির চেয়ে বেশি লাগে না; অর্থাৎ এই আর্থিক সংস্থান দেশে নেই বলে আমি মনে করি না। যদি লুটের টাকা ফিরিয়ে আনা হয়, তাহলে আর কিছুই লাগে না।’

তিনি আরও বলেন, ‘দেশে যুবসমাজের ভেতরে নানা ধরনের প্রবণতা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে অনেকেই হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে। অনেকে আবার মাদকাসক্তসহ নানা ধরনের উগ্রবাদী চিন্তার সঙ্গে জড়িয়ে পড়ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত