মানিকগঞ্জে আধুনিক চাষাবাদে বদলে যাচ্ছে কৃষি। একের পর এক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করায় কৃষকদের ব্যাপক আগ্রহের সৃষ্টি হচ্ছে। জেলার সাটুরিয়ায় এই প্রথম চায়না প্রযুক্তি ব্যবহার করে ট্রের মধ্যে ধানের বীজতলা রোপণ করে শ্রমিক সংকট ও কৃষকের উৎপাদন খরচ কমানোর জন্য কৃষি অফিস এ উদ্যোগ নিয়েছে।
স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ৩২ হাজার ট্রের মধ্যে হাইব্রিড টিয়া ৭০৭ জাতের ধানের বীজ রোপণ করে ১৫০ বিঘা (৫০ একর) জমিতে চাষাবাদ হচ্ছে এ বছর। উপেজলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না দক্ষিণপাড়া পাইলট প্রকল্প হিসেবে পরে এ বীজতলা থেকে উৎপাদিত হাইব্রিড ধানের চারা কৃষকের মধ্যে বিতরণ করা হবে।
সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, একটি ট্রের মধ্যে ১০০ গ্রাম ধানের বীজ ও দুই কেজি মাটি ও জৈব সার মিশিয়ে বীজতলা তৈরি করা হয়। যা ২০ থেকে ২৫ দিনের মধ্যে ধানের চারা রোপণ করার উপযোগী হবে। ওই চারা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে জমিতে রোপণ করা হবে। রোপণের ১৪০ দিনের মধ্যে ধান কাটা যাবে। নতুন জাতের এই হাইব্রিড টিয়া ধান কাটতে কৃষকের উৎপাদন খরচ ও সময় কমে আসবে। ফলে কৃষকরা একই জমিতে ইরি বোরো, রোপা আমন ও সরিষা আবাদ করতে পারবে বলে সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন জানান।
জান্না দক্ষিণপাড়ার কৃষক আলতাফ হোসেন, মো. ফজলুর হক বলেন, নতুন জাতের হাইব্রিড টিয়া ধান রোপণ করতে আমাদের জমি প্রস্তুত করেছি। কমখরচে বেশি উৎপাদন হবে। প্রতিবিঘা জমিতে এই ধান রোপণ করলে ৩৫ মণ ধানই পাওয়া যাবে। এতে খরচ হবে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। আর উৎপাদন ঠিকঠাক হলে খরচ বাদে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় হবে।
সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রাসারণ বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, নির্ধারিত সময় ও কম বয়সে এ ধানের চারা রোপণ করা হলে কৃষকরা অধিক ফলন পাবে। এই পাইলট প্রকল্পের আওতায় যে সকল কৃষকদের আনা হয়েছে তাদের ফসল উৎপাদনে আর্থিক খরচ কম ও কৃষকরা অধিক মুনাফা পাবে বলে তিনি জানান।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, কৃষিতে শ্রমিক সংকট মোকাবিলা করার লক্ষ্যে উৎপাদন খরচ কমানো এবং অধিক ফসল উৎপাদনে যান্ত্রিক করণ করা হচ্ছে। ইতিমধ্যে জমি চাষ করে বালাইনাশক প্রয়োগ ও ধান মাড়াইয়ের ক্ষেত্রে শতভাগ যান্ত্রিকীকরণ করা হয়েছে। চারা রোপণের ক্ষেত্রেও যান্ত্রিকীকরণ করা হয়েছে। তিনি বলেন, শ্রমিক সংকটের কারণে ধান লাগাতে দেরি হয়। ফলন কম হয় ও উৎপাদন খরচ বেড়ে যায়। জান্না দক্ষিণপাড়া মেশিনের সাহায্যে বীজতলা তৈরি করা হচ্ছে। ওই ধানের চারা মেশিনের সাহায্যে রোপণ করা হবে। ধান পাকলে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা হবে। এতে কৃষকের শ্রমিক সাশ্রয়, সময় কম ও উৎপাদন খরচ কমে আসবে।
