অবশেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের ইনডোর ক্রিকেট কমপ্লেক্স। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আউটার রিং রোড প্রকল্পের আওতায় এই কমপ্লেক্সটি প্রায় ১২ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে। এখানে ক্রিকেটারদের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। গতকাল শনিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিনের কাছে এটি হস্তান্তর করেন।
আউটার রিং রোড প্রকল্পের ফিডার রোড-৩ স্টেডিয়ামের সীমানা দিয়ে যাওয়ার সময় পুরনো ইনডোর কমপ্লেক্সটি ভাঙা পড়ে। এজন্য পুনর্বাসন প্রকল্পের আওতায় সিডিএ নতুন একটি ইনডোর কমপ্লেক্স নির্মাণ করে দেয় বলে জানান সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। তিনি বলেন, ‘স্টেডিয়ামের পাশ দিয়ে জায়গাটি না দিলে রাস্তা নির্মাণ করা যেত না। স্টেডিয়াম কর্তৃপক্ষ জায়গা ছেড়ে দেওয়ায় আমরা ফিডার রোডটি নির্মাণ করতে পারছি। এই ফিডার রোড আউটার রিং রোড ও পোর্ট কানেকটিং রোডের সঙ্গে সংযোগ রক্ষা করবে।’
