নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঐতিহাসিক পানাম নগরীর দক্ষিণ পাশের আদমপুর-বাগমুছা রাস্তাটি বন্ধ না করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ছয় গ্রামের বাসিন্দা ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁ জাদুঘর) প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ জাদুঘরের পরিধি বাড়ানোর উদ্দেশে জমি অধিগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক পানামনগরের সঙ্গে জাদুঘরের সীমানা সংযুক্ত করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্প্রতি আদেশ প্রদান করেছে। এতে আদমপুর-বাগমুছা রাস্তাটি বন্ধ করার নির্দেশনাও দিয়েছেন। রাস্তাটি বন্ধ করে দেওয়া হলে এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হবে। শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণির মানুষ বিড়ম্বনার শিকার হবেন। জনগুরুত্বপূর্ণ এ রাস্তা বন্ধ না করার জন্য অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংস্কৃতি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন বলে জানান তারা।
