ন্যায়বিচার ছাড়া মানুষের শান্তি নেই : আইনমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৩:৩৫ এএম

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খাদ্য ছাড়া যেমন জীবন  বেঁচে থাকতে পারে না, বস্ত্র ছাড়া যেমন মানুষ জনসম্মুখে বের হতে পারে না, তেমনি ন্যায়বিচার ছাড়া মানুষ সমাজে শান্তিতে বসবাস করতে পারে না।’ তিনি আশা প্রকাশ করে আরও বলেছেন, বিচার কার্যক্রমে বিচারকরা আরও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন। গতকাল শনিবার রাজধানীর বিচার প্রশাসন ও  প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ১০ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনিসুল হক।

তিনি বলেন, ‘ন্যায়বিচারের অনুপস্থিতিতে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, সামাজিক অস্থিরতা বা অস্থিতিশীলতা দেখা দেয়। আর সমাজ নিয়েই যেহেতু রাষ্ট্র, তাই অস্থিতিশীল সমাজ মানেই অস্থিতিশীল রাষ্ট্র। এরূপ রাষ্ট্রের সঙ্গে বিদেশি রাষ্ট্রসমূহ বন্ধুত্ব বা সম্পর্ক স্থাপন করতে অনীহা দেখায়, তারা বিনিয়োগ করতে ভয় পায়। পরিণতিতে ওই রাষ্ট্র বিশ্বসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, উন্নয়ন বিঘিœত হয়।’

মন্ত্রী আরও বলেন, ‘কোনো দেশে সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও শক্তিশালী আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হলে অপরাধকর্মে জড়িত প্রত্যেক অপরাধীর ন্যায়বিচার নিশ্চিত করা অত্যাবশ্যক এবং এসব বিচার যথাসম্ভব দ্রতগতিতে হওয়া উচিত।’ সরকার মামলাজট কমানোর নানা পদক্ষেপ নিচ্ছে এবং বর্তমানে মামলা দায়েরের সংখ্যার চেয়ে মামলা নিষ্পত্তির হার বেশি বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। বিচারপ্রার্থীরা আদালতে এসে কোনোভাবে যেন অবজ্ঞা বা হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্ক করেন আইনমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত