বরিশালে ঘরে ২ নারীর লাশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩১ এএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে বাড়ি থেকে গত বুধবার রাতে সাবেক ইউপি সদস্যের মা ও পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন দেলোয়ার হোসেনের মা লালমুন নেছা (৯৫) ও দেলোয়ার হোসেনের ছেলে সোলায়মানের স্ত্রী নাজমুন নাহার রিপা (২৩)।

স্বজনরা বলছেন, চুরি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে তাদের বিষাক্তদ্রব্য খাওয়ানো হয়েছে। তবে পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চুরির মতো একটি ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে ওই ঘরে ওই তিন নারী ঘুমিয়ে ছিলেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘরের এক কোণে সিঁদ কাটার গর্ত পাওয়া গেলেও চুরির কোনো ঘটনা ঘটেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে বুধবার রাত দেড়টা থেকে ২টার মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। কেদারপুর ইউনিয়ন পরিষদের একশ-দেড়শ   গজ দূরে ঘটনাস্থল। তবে আমরা গিয়ে ঘটনাস্থলে কাউকে পাইনি, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর লালমুন নেছা ও রিপাকে মৃত ঘোষণা করা হয়। আর মিনারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রিপার মা ইয়াসমিন বেগম বলেন, খবর পেয়ে রাতেই আমরা মেয়ের বাড়ি যাই। এখন আমার মেয়ে আর এ দুনিয়ায় নেই। ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

এদিকে একই পরিবারে দুজনের মৃত্যুর খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত