স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২:৪৩ এএম

ঋণের কিস্তি পরিশোধ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে নিজের পেটে ছুরি মেরে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। সেই সঙ্গে ওই যুবক তার স্ত্রীকেও ছুরিকাঘাত করেছে। নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটলেও গতকাল সকালে তা জানাজানি হয়। গুরুতর আহত স্বামী জাহেদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী নুরজাহান বেগমকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহেদুল ওই গ্রামের খিজির আলীর ছেলে।

জাহেদুলের মা হাজেরা বেগম জানান, তার ছেলে এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিল। মাসখানেক আগে ছেলে অটোরিকশাটি বিক্রি করে দিলে ঋণের কিস্তি পরিশোধে সমস্যা হচ্ছিল।

গত বুধবার এনজিওর কর্মীরা কিস্তির টাকা তুলতে বাড়িতে আসে। কিন্তু জাহেদুলকে না পেয়ে ফিরে যায়। ওইদিন রাতে জাহেদুল বাড়িতে এলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জাহেদুল ধারালো চাকু দিয়ে নিজের পেট কেটে দেন। তখন স্ত্রী নুরজাহান বাধা দিতে এলে তার পেটেও চাকু ঢুকিয়ে দেন। পরে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, ‘ওই পরিবারের পক্ষে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা রংপুর মেডিকেলে খোঁজ নিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত