যুদ্ধের মাঝে থাইল্যান্ড ভ্রমণের জন্য এবার নিজ দল দ্য সারভেন্ট অব পিপলস পার্টির আইনপ্রণেতা মাইকোলা তাইশ্চেঙ্কোকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দলের মুখপাত্র ইউলিয়া প্যালিচুক গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেন, পার্লামেন্টের ওয়েবসাইটের পাশাপাশি ইতিমধ্যে থাইল্যান্ডে ইউক্রেনীয় দূতাবাসের ওয়েবসাইটেও ঘোষণাটি প্রচারিত হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, থাইল্যান্ডের একটি বিলাসবহুল হোটেলে বর্তমানে অবস্থান করছেন তাইশ্চেঙ্কো। এক ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, পার্টির জ্যেষ্ঠ নেতাদের অনুমতি নিয়েই থাইল্যান্ডে এসেছিলেন এবং তার এ সফর মোটেই প্রমোদভ্রমণ নয়; বরং ইউক্রেনের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবেই থাইল্যান্ডে এসেছেন তিনি। তবে ঠিক কী উদ্দেশ্যে তার এ সফর, সে সম্পর্কে ফেইসবুক পোস্টে স্পষ্ট করে কিছু বলেননি তাইশ্চেঙ্কো। এদিকে ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রাসলান স্তেফানচুক সাংবাদিকদের কাছে জানিয়েছেন, তাইশ্চেঙ্কো তার কাছ থেকে এ সফরের বিষয়ে অনুমতি নেননি। গত সপ্তাহে দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযানের ঘোষণা দেন জেলেনস্কি। এরপর চলতি সপ্তাহে ১২ জনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন কিংবা বরখাস্ত হয়েছেন।
×
