সাভারের আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা গুলিবর্ষণকারী এমএ মতিন ও তার ছেলেকে গণধোলাই দিলে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ভর্তি করে। গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকায় ১০ বিঘা জমির বিরোধ নিয়ে এ গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন আশুলিয়ার চারাবাগ এলাকার কুদ্দুস ও তার প্রতিবেশী হুমায়ুন। অন্যদিকে গণধোলাইয়ের শিকার হয়েছেন আশুলিয়ার গাজিরচটের ঊষাপোল্ট্রি মোড় এলাকার বাসিন্দা এমএ মতিন পাটোয়ারী (৬২), তার স্ত্রী মরিয়ম ইসলাম (৫৭) তার ছেলে ফারহান (২৭)। এ ঘটনায় মতিন পাটোয়ারীর লাইসেন্সকৃত শটগান ও পিস্তল জব্দ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী মাস্টার বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। যতদূর জানতে পেরেছি কুদ্দুস ও হুমায়ুন কবিরদের সঙ্গে মতিন পাটোয়ারীর প্রায় ১০ বিঘা জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৫ জানুয়ারি হুমায়ুন কবির থানায় সাধারণ ডায়েরি করেন। উভয়পক্ষ থানায় যাওয়ার কথা থাকলেও মতিন যাননি।
