আগামী সংসদ নির্বাচন ঘিরে ইভিএম প্রকল্প স্থগিত হওয়ার পর এবার সিসি ক্যামেরা ব্যবহারে আগ্রহী নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা সাংবাদিকদের ইসির এ আগ্রহের কথা জানান।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের শতভাগ ইচ্ছে আছে। কিন্তু সবকিছু নির্ভর করবে অনুকূল পরিবেশের ওপর। সিসি ক্যামেরা ব্যবহার হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনা চলছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি রাশেদা আরও বলেন, কমিশন অবশ্যই সিসি ক্যামেরা চায়। সিসি ক্যামেরা হলে ভালো হয়। আমার জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়, ভোটারদের জন্য ভালো হয়। আমরা চাইব ভালোটার দিকে যেতে। কিন্তু সেই ভালোটা করতে গেলে অবশ্যই অর্থের একটা বিষয় থাকে। এই এক বছরের মধ্যে দেশের অর্থনীতির পরিস্থিতি কোন দিকে যায় সেটাও আমরা বুঝতে পারব। সব মিলিয়ে এটা সিদ্ধান্তের বিষয়।
