শ্রাবণ্য তৌহিদা, উপস্থাপক
আমাদের কাজ যখন দর্শক পর্দায় দেখেন, মনে করেন কত ঝলমলে কাজ, কত গ্ল্যামার। কিন্তু কাজটি করতে যে কী পরিমাণ কষ্ট হয় সেকথা অনেকেই জানেন না। টানা কাজের ক্লান্তি নিয়ে বাসায় ফিরে যখন আমার ছেলেটার সঙ্গে সময় কাটাই তখন খুব ভালো লাগে। আমার একটা বিড়াল আছে, জোজো নাম, তার সঙ্গেও সময় কাটাতে আনন্দ পাই। এর বাইরে আমি একটু বেশি সময় পেলে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইভ ভিডিও দেখি। সর্বশেষ নেটফ্লিক্সের সিরিজ ‘কালা’ দেখা শুরু করেছিলাম। এর মিউজিক আর স্টোরি দুটাই আমার খুব ভালো লেগেছে। যদিও সময়ের অভাবে শেষ করতে পারিনি। এরপর তো পা ভেঙে গেল। সেরে উঠতেই রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’, বিপিএলের শো উপস্থাপনাসহ পরপর অনেকগুলো কাজের জন্য সিরিজ দেখা হয়নি। তবে গাড়িতে সব সময় কয়েকটা বই থাকে। রাস্তায় জ্যামে বসে থাকলে আমি বই পড়ি। হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘পার্থিব’ আমার খুব প্রিয় বই। ম্যাক্সিম গোর্কির ‘মা’ বইটি ধরেছি, এখনো শেষ করতে পারিনি।
কথা বলেছেন মাসিদ রণ
