আমার ব্যক্তিজীবন নিয়ে চর্চা বেশিই হয় : শবনম ফারিয়া

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৪ পিএম

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে আগ্রহ থাকে সবার। কেউ পাঁড় ভক্ত হলে তো কথাই নেই। এ নিয়ে বিড়ম্বনাও কম সইতে হয় না তাদের। টিভি পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া এই জায়গাটায় যেন ক্লান্ত। বিড়ম্বনা নয়, তার বেলায় বিরক্ত শব্দটাই ব্যবহার করতে হয়। ফারিয়ার দাবি, তার ব্যক্তিজীবন নিয়ে চর্চা একটু বেশিই হয়। তাই ব্যক্তিজীবন নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে এখন আর কোনো কথাই বলতে চান না তিনি!

দেশ রূপান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফারিয়া বলেন, ‘বিয়ে-প্রেম নিয়ে প্রশ্নের উত্তরে আমি আসলে কিছুই বলতে চাই না। আমাকে জড়িয়ে এই বিষয়ে এত নিউজ হয়েছে। যেটা ঘটছে সেটা নিয়েও হয়েছে, যা আদৌ ঘটেনি সেসব নিয়েও হয়েছে। ব্যক্তিগত ব্যাপার নিয়ে এখন যদি কিছু বলি সেটা নিয়েও দেখা যায় বিতর্ক তৈরি হবে। আমি তাই এক-দুই বছর ধরে ব্যক্তিজীবন নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি।’

ফারিয়া মনে করেন তার ব্যক্তিজীবন নিয়ে নয়, আলোচনা হওয়া উচিত তার কাজ নিয়ে। ‘আমাকে নিয়ে এত বেশি নিউজ আর আলোচনা হয়। আলোচনা করলে করবে আমার কাজ নিয়ে, আমার পেশা নিয়ে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি চর্চা হয়ে যায়, এটা নিয়ে আর কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমাকে জড়িয়ে এত ভুয়া নিউজ হয়েছে যে আমার আত্মীয়-স্বজনও কনফিউসড হয়ে গেছেন অনেক সময়।’- বলছিলেন ফারিয়া।

শখ থেকে অভিনয় শুরু, যা এখন শবনম ফারিয়ার পেশা। টিভি নাটকের সঙ্গে ওটিটিতেও কাজ করে যাচ্ছেন। যেখানে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মে অভিনয় করে দারুণ প্রশংসা পান তিনি। বড় পর্দাতে অভিষেক হয়েছে তার বছর কয়েক আগেই। হুমায়ূন আহমেদের গল্পে অনম বিশ্বাসের পরিচালনায় দেবী চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার করা নীলু চরিত্রটি স্মরণীয় হয়ে আছে ভক্তদের কাছে। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া এ সিনেমার পর আর বড় পর্দার কোনো কাজে যুক্ত হননি তিনি।

কারণ জানতে চাইলে ফারিয়া বলেন, ‘সত্যি কথা বলতে আমি ও রকম স্ক্রিপ্ট পাইনি, যেটা দেখে আমার মনে হবে অনেক ভালো কিছু। যেগুলো এসেছে সেগুলো খুবই এভারেজ কাজ ছিল। যেটা আমি করতে চাই না।’ সরকারি অনুদানের একটি ছবিতে কাজের ব্যাপারে কথা হচ্ছে ফারিয়ার। যদিও এ বিষয়ে বেশি কিছু বলতে চাইলেন না তিনি, ‘এটা জানানোর বিষয়ে এখনো আমাকে অনুমতি দেওয়া হয়নি।’

এই মুহূর্তে ‘মামা বাবা ভাই বোন’ সিরিয়ালে অভিনয় করছেন শবনম ফারিয়া। বেশ কিছু সিঙ্গেল নাটকের কাজ শেষ করেছেন। আরও কিছু কাজ হাতেও রয়েছে। দুটি ওয়েব ফিল্মের শ্যুটিংও শেষ করেছেন। যে কাজই করছেন, সেটা অনেক হিসাব করেই করছেন। ফারিয়ার কথায়, ‘শুধু মাত্র পেশা বলে অভিনয় থেকে টাকা ইনকাম করতে হবে এমন মানসিকতা নিয়ে আমি কাজ করতে চাই না। আমি প্রথম অভিনয় শুরু করি শখের বসে। এরপর ধীরে ধীরে পেশায় পরিণত হয়েছে। তবে আমি ওই প্যাশনটা রাখতে চাই, প্রতিদিন ঘুম থেকে উঠে আমার আগ্রহ থাকবে সবচেয়ে সুন্দর চরিত্রটা আমি করব। এক্সাইটমেন্ট না থাকলে অভিনয়টা অন্য দশটা কাজের মতো হয়ে যায়। তখন আর ওই পারফরম্যান্স দেওয়া যায় না।’

নিজের অতীত অভিজ্ঞতা থেকেই উদাহরণ টানেন ফারিয়া, ‘করোনার আগে আমি প্রচুর কাজ করতাম। তখন আসলে আমি টায়ার্ড হয়ে যেতাম। আমার অভিনয়ও ভালো হতো না, স্ক্রিপ্টের বাছ-বিচারের সুযোগও কমে আসছিল। এখন আর সেটা চাই না। আমি চাই দরকার হলে কমই কাজ করব, কিন্তু ভালো কাজ করব।’ যোগ করেন, ‘অভিনয়ের পাশাপাশি মাস্টার্স শুরু করছি। দুই-তিন দিন ক্লাস করতে হয়। এ জন্য আমি যদি চাপ নিয়ে কাজই করি, সেটা ভালো স্ক্রিপ্টেই করতে চাই।’

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে মাস্টার্স করছেন ফারিয়া। জানালেন ছোটবেলা থেকেই শখ ছিল সাংবাদিকতা করার। সেই শখ বা আগ্রহের জায়গা থেকেই জার্নালিজমকে সাবজেক্ট হিসেবে বেছে নেওয়া তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত