নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে। শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে বলে জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকী এবং মডারেটর ছিলেন ফ্যাকল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, অনেক ক্ষেত্রে এক বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। এমনকি এক শিশুর বুকের দুধ অন্য শিশুকে খাওয়ানোর মতো ঘটনাও ঘটছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে শিশুরা অনেক সময় প্রয়োজনীয় যতœ থেকেও বঞ্চিত হচ্ছে।