গাজীপুরের শ্রীপুরে টিউলিপ ফুলের বাগান ‘মৌমিতা ফ্লাওয়ার্স গার্ডেন’ ঘুরে গেলেন নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত মি. দিজ ওডসট্রা। গতকাল শনিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের দেলোয়ার হোসেন ও সেলিনা হোসেন দম্পতির বাগান ঘুরে দেখেন তিনি। এ সময় উপরাষ্ট্রদূতকে নানা রঙের টিউলিপ ফুলের গুচ্ছ দিয়ে বরণ করেন তারা।
বাগান পরিদর্শন করে দিজ ওডসট্রা বলেন, ‘টিউলিপ রপ্তানির সুযোগ আছে। ইউরোপে টিউলিপের দাম অন্য দেশের তুলনায় অনেক কম। সেখানে প্রচুর টিউলিপ ফার্ম আছে। তবে ভিয়েতনাম, থাইল্যান্ডসহ অন্য দেশে এই ফুলগুলো রপ্তানি করলে ভালো দাম পাওয়া যাবে। তা ছাড়া বাংলাদেশেই এই ফুলটির ব্যাপক চাহিদা রয়েছে। ফুলটি স্থানীয় বাজারেও বিক্রি করে লাভবান হওয়া যাবে।’
তিনি বলেন, ‘দেলোয়ার হোসেন ও সেলিনা হোসেন বাংলাদেশের পরিবেশে টিউলিপ ফুল ফুটিয়ে অসাধারণ কাজ করেছেন। একদিন বাংলাদেশের সব জায়গায় টিউলিপ ফুল চাষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’
