জনশুমারির চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করবে না ইসি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৬ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণের জন্য জনশুমারির চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না পাওয়ায় অপেক্ষা করবে না সাংবিধানিক এই সংস্থাটি। জনগণ ও জনপ্রতিনিধিদের মতামত নিয়ে সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে। গতকাল রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পরিসংখ্যান ব্যুরো থেকে জনসংখ্যার চূড়ান্ত রিপোর্ট আমরা এখনো পাইনি। আমাদের অপেক্ষা করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাদের কাজ শুরু করতে হবে। আগামী জুনের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে।’ আগামীকাল মঙ্গলবারের সভায় কমিশন মূল ফোকাসগুলো ঠিক করবে বলে তিনি জানান।

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী, প্রতি জনশুমারির পর সংসদ নির্বাচনের জন্য সীমানা নির্ধারণ করার বাধ্যবাধকতা আছে। ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে সর্বশেষ আদমশুমারি প্রতিবেদনের জনসংখ্যা অনুযায়ী বাস্তব বণ্টনের ভিত্তিতে সীমানা নির্ধারণ করতে হবে।

গত বছর জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যা হচ্ছে তিন নম্বর গুরুত্ব। প্রথম গুরুত্ব হচ্ছে প্রশাসনিক, যদি কোনো প্রশাসনিক পরিবর্তন না হয়ে থাকে তাহলে তো আমাদের পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি কোনো ভৌগোলিক পরিবর্তন না হয়ে থাকে, তাহলেও করার প্রয়োজন নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত