স্বতন্ত্র প্রার্থী হিরো আলম নিয়ে কিছুই বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাব দিয়েছেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের নামাজে জানাজা শেষে সাংবাদিক এ কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার হিরো আলম সম্পর্কে মন্তব্য রাজনীতিতে সমালোচনার সৃষ্টি করে। অনেকে দাবি করেন হিরো আলম জাতীয় পর্যায়ে আলোচনায় চলে আসে আওয়ামী লীগ নেতার বক্তব্যে।
গত শনিবার বিকালে কামরঙ্গীচরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ফখরুল সাহেব বলেন রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া। হিরো আলমের জন্য এতো দরদ উঠলো ফখরুলের। ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে। হিরো আলম এখন জিরো হয়ে গেছে। তারা তো নির্বাচন চায় নাই। হিরো আলমকে বিএনপি দাঁড় করিয়েছে। সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ।
গত রবিবার ওবায়দুল কাদেরের বক্তব্যের পাল্টা জবাব দেন হিরো আলম। জবাবে হিরো বলেন, হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কি-না। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পান না!
বিএনপি ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১ ফেব্রুয়ারি। এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় প্রার্থী রেজাউল করিম তানসেনের কাছে প্রায় হাজার খানেক ভোটে পরাজিত হন হিরো আলম। জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন হিরো আলম।
স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের তা অস্বীকার করেন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিয়েছি। তিনি (হিরো আলম) প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে (নির্বাচন) করেছে। ভালো ভোটও পেয়েছে। তার সম্পর্কে আমার কোন মন্তব্য নেই। আমি যা বলেছি সেটা মির্জা ফখরুলের মন্তব্যের জবাব।
প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিনকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার জীবনে এমপি হওয়ার স্বপ্ন ও ইচ্ছে ছিলো। সেটা শেখ হাসিনা পূরণ করেছেন। তার মনে কোন না পাওয়ার বেদনা ছিলো না।
রোববার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।
সোমবার সকাল ১১টার আগে মোছলেম উদ্দিনের মরদেহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। সেখানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
