মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭ পিএম

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি, ঢালীকান্দি, নোয়াদ্দা ও লক্ষ্মীদিবি গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান রিপন পাটায়ারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে বিক্ষিপ্তভাবে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ফারুক হোসেনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত পরান মোল্লা (১২) ও সুমন মোল্লাকে ঢাকার চক্ষু হাসপাতালে পাঠিয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া আহত রাসেল (২৮), পারভেজ (২৭), শরীফ (২৮), নীরব (২৪), সোহেলসহ (২৫) বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, সকালে ঢালীকান্দি গ্রামে তার এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকরা। এ ঘটনার জের ধরে দুপুরে ওই গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে অন্য গ্রামগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য তিনি বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের দায়ী করেন।

মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারী সংঘর্ষের জন্য সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের দোষারোপ করেছেন। তিনি বলেন, ঢালীকান্দি গ্রামে তার এক সমর্থককে মারধর করলে সংঘর্ষ বেধে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত