উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নিজ পরিবারকে এতদিন আড়ালে রাখলেও সাম্প্রতিক সময়ে এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পরিদর্শন, সামরিক সমাবেশ, কুচকাওয়াজে এখন নিয়মিতই কিমের সঙ্গে দেখা যাচ্ছে তার কন্যাকে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক ছবিতেও কিম কন্যা জু আই-কে দেখা গেছে। ছবিতে দেখা যায়, দেশটির রাত্রিকালীন এক কুচকাওয়াজ মঞ্চে বাবার পাশে থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম-এর দীর্ঘ বহরের শোভাযাত্রা উপভোগ করছে জু আই।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের জন্য দুশ্চিন্তার কারণ এসব আইসিবিএম। তবে কুচকাওয়াজে প্রদর্শিত এক ডজন আইসিবিএমের চেয়ে কিম কন্যার উপস্থিতি বেশি গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষণে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রায় সব আয়োজনে কিম জু-আয় এর উপস্থিতির কারণে তাকে কিমের সম্ভাব্য উত্তরসূরির হিসেবে মনে করা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্র প্যারেডের আগে গেল মঙ্গলবার প্রকাশিত ছবিতে কিম কন্যা জু-আইকে বাবা-মা এবং উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ভোজ সভায় দেখা যায়। জমকালো কোট পরে সামরিক বাহিনীর ভোজে বাবা-মায়ের ঠিক মধ্যের চেয়ারেই বসে থাকতে দেখা যায় কিম কন্যাকে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি প্রতিবেদনে কিম কন্যার এই ভোজে অংশ নেওয়াকে সামরিক কর্মকর্তাদের ‘স্বপ্ন পূরণ’ হিসাবে আখ্যা দিয়েছে। রোডং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যায় কিম এবং তার মেয়ে ভোজসভায় প্রবেশের পর সামরিক কর্মকর্তারা করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। তার সন্তানের সংখ্যা নিয়েও রয়েছে রহস্য। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, জু-আই তার দ্বিতীয় সন্তান। জু-আইর বয়স নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য আসছে, কোথাও বলা হচ্ছে তার বয়স ৯ আবার কোথাও ১২।
