পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ও জঙ্গিবাদসহ আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত। আন্দোলনের নামে যারা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করে তাদের কঠোর হাতে দমন করা হবে। পরিবেশ যখন যেমন, পুলিশ তখন তেমন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের এসপি মোহাম্মদ রহমত উল্লাহসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় কর্মরত এসপিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। পুলিশ জানে আইনশৃঙ্খলা রক্ষায় কখন কী করতে হবে।
বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাতে পুলিশ কোনো বাধা সৃষ্টি করবে না। তবে আন্দোলনের নামে জানমালের ক্ষতি করলে পুলিশ কাউকে ছাড় দেবে না। অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় অত্যন্ত সুন্দর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় আইজিপি সন্তোষ প্রকাশ করেন। এর আগে সস্ত্রীক আইজিপি র্যাবের হেলিকপ্টারে করে কুমিল্লা স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লার এসপি আবদুল মান্নান।
