দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নূর ইসলাম (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর পাঁচবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বালাহাট এলাকার কসর আলীর ছেলে এবং দিনাজপুর সদর উপজেলার চকরামপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবাইনগর এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এসময় নূর ইসলাম কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ভবাইনগর এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
