জি এম কাদের বললেন

দেশে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৮ এএম

আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে দেশে একটা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী কর্মকা- শুরু করেছে। বর্তমান সরকার সংবিধান মোতাবেক গেল নির্বাচনের মতো একটি নির্বাচন করতে চাইছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সরকার। বিএনপি এই পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না, তারা নির্বাচন প্রতিহত করতে চাচ্ছে। দেশে একটা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সামনের দিকে আরও খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে।’

গতকাল সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

জি এম কাদের বলেন, ‘আমরা দুটি দলের মাঝামাঝি অবস্থানে নিজস্বতা নিয়ে রাজনীতি করছি। আমরা দেশের মানুষের সামনে তৃতীয় এবং বিকল্প অপশন সৃষ্টি করেছি। ’৯০ সালের পর থেকে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে বীতশ্রদ্ধ। দেশের মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। আমরা শক্তিশালীভাবে সাধারণ মানুষের সামনে বিকল্প হিসেবে দাঁড়াতে চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার অত্যন্ত কর্র্তৃত্ববাদী। সবকিছু তারা নিয়ন্ত্রণে নিতে চায়, অনেক কিছু নিয়ন্ত্রণে নিয়েছে। শান্তির মিছিল হচ্ছে, কিসের শান্তি? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষের মাঝে শান্তি নেই। মানুষের আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বেড়েই যাচ্ছে। মানুষের মানসম্মান, সম্পদ ও জীবনের নিরাপত্তা নেই। উৎকণ্ঠার মধ্যে দেশের মানুষ জীবন কাটাচ্ছে। এমন বাস্তবতায় শান্তি ও স্থিতিশীলতা মানুষের কাছে প্রহসন মনে হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত