নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। দিবারাত্রির টেস্টে ৯ উইকেটে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় অতিথিরা। যার ফলও তারা পেয়েছে দ্রুত। ৩৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। এখনও তারা পিছিয়ে ২৮৮ রানে।
বৃহস্পতিবার টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। অ্যাওয়ে টেস্টে প্রতিকূল পরিস্থিতিতে টস হেরে শুরুতে ব্যাট করলে সব দলই চাইবে যত বেশি সম্ভব রান করে নিতে। তবে সবাইকে অবাক করে ইংল্যান্ড প্রথম দিনেই তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
এর আগে ইংলিশরা ওয়ানডের ঢংয়ে ৫৮.২ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩২৫ রান তুলে। প্রস্তুত হয়ে বসে থাকলেও জেমস অ্যান্ডারসন ব্যাট করার সুযোগই পাননি। নবম ব্যাটসম্যান হিসেবে জ্যাক লিচ আউট হতেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত আসে।
সর্বোচ্চ ৮৯ রান করেন হ্যারি ব্রুক। ৮৪ রানের ইনিংস খেলেছেন বেন ডাকেট। এছাড়া ওলি পোপ ৪২ ও বেন ফোকস ৩৮ রান করেন।
কিউইদের পক্ষে নেইল ওয়াগনার ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন টিম সাউদি ও স্কট কুগলেইন।
নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ১৮ ওভার ব্যাট করে। হাতে পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও ইংল্যান্ড প্রথম দিনেই ব্যাট ছেড়ে দেয় অনুকূল পরিবেশে নিউজিল্যান্ড শিবিরে প্রাথমিক ধাক্কা দেওয়ার উদ্দেশ্য নিয়ে। বলা বাহুল্য, স্টোকসদের সেই পরিকল্পনা পুরোপুরি সফল।
ডেভন কনওয়ে (১৭*) ও ওয়াগনার (৪*) শুক্রবার নতুন দিনের ব্যাটিং শুরু করবেন। যে তিনটি উইকেট পড়েছে কিউইদের তা ভাগ করে নিয়েছেন জেমস অ্যান্ডারসন (২টি) ও ওলি পপ (১টি)।
