বিয়ের জন্য চাপ দেওয়ায় ভারতের মহারাষ্ট্রে এক বিবাহিত নারীকে খুন করেছেন তার প্রেমিক। গত রোববার (১২ ফেব্রুয়ারি) একটি হাউজিং কমপ্লেক্সের কাছে ঝোপ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদ সংস্থা জানায়, বিবাহিত হওয়া সত্ত্বেও রাজকুমার বাবুরাম পাল (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই নারী (৩৫)। তিনি পেশায় পরিচ্ছন্নকর্মী ছিলেন। অন্যদিকে রাজকুমার নিরাপত্তারক্ষীর কাজ করতেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে প্রেমিকাকে খুনের কথা স্বীকার করেন।
এর আগে ওই নারীর খোঁজে মুম্বাইয়ের উপকণ্ঠে ট্রোম্বে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আরও তথ্য সংগ্রহ করা হয়। পুলিশ তার মোবাইল ফোনটিও উদ্ধার করে।
অভিযুক্ত রাজকুমার বলেন, প্রেমিকা তাকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলেন। বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তাই তাকে খুন করার সিদ্ধান্ত নেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
এদিকে তদন্তের পর পুলিশ জানতে পারে, ওই নারীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজকুমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
