কর্মকর্তাদের আইজিপি

একুশে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৭ এএম

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। দেশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং অন্যান্য ইউনিটের প্রধানরা এ ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।

আইজিপি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, একুশের ভাবগাম্ভীর্য রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে হবে। গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিবিড় মনিটরিং করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নজরদারির আওতায় আনার নির্দেশ দেন আইজিপি। পুলিশ সদর দপ্তর প্রান্তে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত