নরসিংদীতে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর হাতকড়া ও কোমরে রশি বেঁধে আদালতে নিয়ে যাওয়া শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোস্তাক আহমেদ শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. ফজলুর রহমান। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী ছিলেন রিফাত হাসান, সিদ্দিকুর রহমান ও তৌহিদুজ্জজামান সুমন।
জামিন আদেশের পর বাদীপক্ষের আইনজীবী তৌহিদুজ্জজামান সুমন দেশ রূপান্তরকে বলেন, ‘মাননীয় আদালত তার (আবু ছালেক রিকাবদার) জামিন মঞ্জুর করায় আমরা অনেক আনন্দিত। সব দাপ্তরিক কাগজপত্র আজ বিকেলের মধ্যে কারাগারে পৌঁছলে তিনি সন্ধ্যার মধ্যে কারাগার থেকে বের হতে পারবেন। আর কোনো আইনি বাধা নেই।’
শিবপুর উপজেলা বিএনপির নেতারা এবং আবু ছালেক রিকাবদারের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে। আর এ কর্মসূচি শিবপুরে যাতে না হয় সেজন্য আতঙ্ক সৃষ্টি করতে আগের দিন রাত ৯টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারকে শিবপুরের নিজ বাসার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শনিবার বিকেলে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়। সেদিন আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
