গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার (গার্মেন্টস) নির্মানাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত এক শ্রমিকের স্বজন। এ মামলায় ওই কারখানার মালিক ইঞ্জিনিয়ার সফিকুর রহমানকে (৫০) আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন ঠিকাদারিকাজ তদারকি করা প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা শফিকুল ইসলাম (৩৫) ও কাইয়ুম উদ্দীন (৩০)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মামলাটি করা হয়। পরে দুজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার বিকেলে শ্রীপুরের ভাংনাহাটি ছাপিলাপাড়া গ্রামের হ্যামস গার্মেন্টসে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হন। তারা হলেন আরিফুল ইসলাম (২১) ও মুকুল চন্দ্র বর্মণ (৫০)। এ ঘটনায় অন্তত ১০ শ্রমিক আহত হন।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নিহত নির্মাণশ্রমিক মুকুল চন্দ্র বর্মণের ছেলে ভক্ত চন্দ্র বর্মণ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
