মুশফিক যেন অপয়া, বিপিএলে তার দল শিরোপা জেতে না

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৭ এএম

মুশফিকুর রহিমের অপেক্ষাটা ফুরালো না। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এই সংস্করণের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের শিরোপা ছুঁয়ে দেখার তার সুযোগ হয়েছিল। কিন্তু সেটা আর তার ভাগ্যে জুটেনি। আরও একবার শিরোপা খুব কাছে গিয়েও তা থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

বিপিএলের ফাইনাল খেলতে মুশফিকের সাত আসর লেগে গিয়েছিল। নবম আসরে দ্বিতীয়বার খেলতে নেমেছিলেন, কিন্তু শিরোপা জেতা হয়নি তার। তিনি যেন হয়ে উঠেছেন অপয়া! যে দলে নাম লেখান, সেই দলই শিরোপা জেতে না।

দুরন্ত রাজশাহী দিয়ে বিপিএলে নাম লিখিয়েছিলেন মুশফিক। সেই আসরে তার নেতৃত্বে দলটি খেলেছিল সেমিফাইনালে। পরের আসরে দল বদলালেন মুশফিক। টুর্নামেন্টে শেষ চারের নাম বদলে হয়েছে প্লে অফ। সিলেট রয়্যালসের হয়ে খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান শিকারি হয়েছিলেন। তবে ফাইনাল খেলতে পারেননি, বিদায় নেন প্লে অফ থেকে।

বিপিএলের ২০১৯ সালের আসরে খুলনা টাইগার্সের হয়ে তিনি প্রথমবার ফাইনালে উঠেন। কিন্তু তার ভাগ্যে শিরোপা জুটেনি। এবার টুর্নামেন্টে দ্বিতীয়বার ফাইনাল খেলতে নেমেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ব্যাট হাতে ৪৮ বলে ৫ চার আর ৩ ছক্কায় করেছেন ৭৪ রান। তাতে বড় লক্ষ্য পায় সিলেট। কিন্তু ৭ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার দলকে। তাতে আবারও শিরোপা হারের স্বাদ পেতে হয়েছে মুশফিককে।

দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের নাম মুশফিক। তার জন্য আক্ষেপের আরেক নাম বিপিএল। এই টুর্নামেন্টে তার শিরোপাটা এবারও যে জেতা হলো না। অপেক্ষাটা বেড়েছে আরও এক বছরের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত