হাসানের পর চোটে ছিটকে গেলেন মুশফিকও

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
কুঁচকির ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
 
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান মুশফিকের চোটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করেছেন। বায়জেদুল জানান, সিরিজের প্রথম টেস্ট চলাকালীন বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে তার এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে তার শ্রোণিচক্রের (পেলভিস) হাড়ের চারপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
 
চোটের বর্তমান অবস্থা বিবেচনায় মুশফিকের তাৎক্ষণিক বিশ্রাম এবং সুনির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও। চোট যেন আরও গুরুতর না হয় সেজন্যই তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে সেঞ্চুরিয়ন টেস্টে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।
 
এর আগে টেনিস এলবোর সমস্যার কারণে ফাস্ট বোলার হাসান মাহমুদকেও দ্বিতীয় টেস্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। 

টেস্টে যারা খেলতে পারবেন

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত