নাটোরে পলক

স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে ৫ কোটি শিক্ষার্থী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৪ এএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, আজকের ৫ কোটি শিক্ষার্থী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে সরকার কার্যকর সব পদক্ষেপ নিয়েছে। গতকাল সকাল ১০টায় নাটোরে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে আইসিটি ফ্রিল্যান্সিং ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ক্যাম্পে উপজেলার ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার দেড় বিলিয়ন ডলার উপার্জন করছেন। ২০২৫ সালে আরও ১০ লাখ নতুন ফ্রিল্যান্সার তৈরি হবে এবং উপার্জন ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণে স্বাধীনতাকে পূর্ণতা দিতে প্রত্যেক যুবককে চাকরি দেওয়ার কথা বলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং ডিজিটাল আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ‘সোনার বাংলা’র আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আর্নিং অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে প্রশিক্ষণে গ্রহণকারী সাড়ে নয় শ প্রশিক্ষণার্থীর মধ্যে চারজনের হাতে সনদ তুলে দেন। এ ছাড়া সিংড়ায় নির্মিতব্য শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে ছয়জন ফ্রিল্যান্সারের মধ্যে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত