গাজী মাজহারুল আনোয়ারকে উৎসর্গ করে ৮ গান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৭ পিএম

কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিনকে ঘিরে আইপিডিসি নতুন সংগীতায়োজনে প্রকাশ করতে যাচ্ছে তার লেখা চলচ্চিত্রের জনপ্রিয় ৮ গান। যেটির নাম দিয়েছেন ‘আইপিডিসি আমাদের গান : ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’।

‘জয় বাংলা বাংলার জয়’, ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘তুমি আরেকবার আসিয়া’, ‘সে যে কেনো এলো না’, ‘আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ গানগুলি ধারাবাহিকভাবে প্রকাশ হবে। গানগুলো নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

গাজী মাজহারুল আনোয়ারের কথায় চলচ্চিত্রে প্রথম গান প্রকাশ হয় ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি। এ আয়োজনে এটিই প্রথম প্রকাশ হবে। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে অন্য গানগুলো প্রকাশ হবে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চঞ্চল চৌধুরী, শাওন, মেহরাব, ইউসুফ আহমেদ, অয়ন চাকলাদার, নন্দিতা, দিঠি আনোয়ার, অনিমেষ, টিনা মুস্তারী, মেজবাহ বাপ্পি, প্রিয়াঙ্কা বিশ্বাসসহ আরও অনেকে। ইউটিউব চ্যানেলটির উদ্বোধন হবে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়।

এ আয়োজন নিয়ে গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার বলেন, ‘আজ আব্বুর (গাজী মাজহারুল আনোয়ার) জন্মদিন। সে উপলক্ষে আগামীকাল বাবার লেখা পুরনো আটটি গান নতুন করে প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। গানগুলো গেয়েছেন এই প্রজন্মের শিল্পীরা। তবে আটটি গান প্রস্তুত থাকলেও প্রতি মাসে একটা করে প্রকাশ পাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিবার থেকেই পরিকল্পনা করি যে, বাবার একটা ডিজিটাল আর্কাইভ করা প্রয়োজন। প্রথমে আমরা বই আকারে প্রকাশ করেছি ‘অল্প কথার গল্প গান’ নামে। এখন যেহেতু ইউটিউবের যুগ, তাই ইউটিউবে একটি ডিজিটাল আর্কাইভ থাকা প্রয়োজন। সেই উদ্যোগটি মাথায় রেখেই এ আয়োজন। বাবার লেখা যত পুরনো গান আছে, সেগুলো ধারাবাহিকভাবে নতুন সংগীতায়োজনে প্রকাশ করব। এ প্রজন্মের শিল্পীরা গাইবেন। নতুন গানও প্রকাশ করার উদ্যোগ নেব।’

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালে ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৪ সাল থেকে তিনি তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। এখন পর্যন্ত তার রচিত গানের সংখ্যা প্রায় ২০ হাজার। তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহের কথা। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি গানের রচয়িতা গুণী এই গীতিকবি। গানগুলো হচ্ছে- ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা’ ও ‘একবার যেতে দে না’।

গাজী মাজহারুল আনোয়ার স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ১৯৭২ সালে বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি পেয়েছেন ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া সংস্কৃতিতে অবদানের জন্য ২০০২ সালে একুশে পদক, ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার, এসএম সুলতান স্মৃতি পদক, একাধিকবার বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন বর্ণাঢ্য জীবনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত