সীমান্তে অভিযান বিজিবির ৪ কেজি সোনা উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১১ এএম

যশোরের শার্শা সীমান্ত এলাকার রুদ্রপুরে অভিযান চালিয়ে চার কেজি ওজনের ৩৫টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরের ওই অভিযানে ইয়াকুব আলী (৩২) ও আতিয়ার রহমান (৪৫) নামের দুজনকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। সে সময় একটি প্রাইভেট কারসহ সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে তার মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ৩৫টি সোনার বার জব্দ করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক ওজন চার কেজি এবং বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। তিনি জানান, সোনার চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে। আর আটক ব্যক্তিদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত