কুষ্টিয়া পৌরসভার টেন্ডার ছিনতাই হামলা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮ পিএম

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় টেন্ডার (দরপত্র) ছিনতাই ও দরদাতার ওপর হামলার অভিযোগ উঠেছে শহর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার মেয়র কার্যালয়ের বারান্দায় রক্ষিত টেন্ডার বক্সে ইব্রাহিম হোসেন নামে এক দরদাতা দরপত্র ফেলতে গেলে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

ইব্রাহিম হোসেন অভিযোগ করেন, ‘দুপুর পৌনে ১টায় আমি মেয়র কার্যালয়ের বারান্দায় টেন্ডার বক্সে পৌর এলাকার ৬টি হাট-বাজার ইজারার দরপত্র ফেলতে যাই। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা আকস্মিক আমার হাত থেকে জোরপূর্বক দরপত্র ছিনিয়ে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে এবং পাশের ড্রেনে ফেলে দেয়। এ সময় সন্ত্রাসীরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার সময় পাশেই কুষ্টিয়া মডেল থানার পুলিশ উপস্থিত থাকলেও আমাকে কোনো সাহায্য করেনি। ওরা আমার ব্যাংক সিডিগুলো ছিঁড়ে ফেলেছে এবং ছিনিয়ে নিয়ে গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন বলেন, ‘কুষ্টিয়া পৌরসভার ইতিহাসে এই প্রথম এমন সন্ত্রাসী কর্মকা-ে আমরা দুঃখিত ও লজ্জিত। বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছি।’

কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, ‘টেন্ডার ছিনতাইয়ের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত