কাকলী প্রধানের উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী শুরু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২০ এএম

‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ শীর্ষক প্রতিপাদ্যে গতকাল শুক্রবার থেকে টেকনাফে শুরু হয়েছে ফটোসাংবাদিক কাকলী প্রধানের তিন দিনব্যাপী ১০০টি নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। তিনি বলেন, নদীর প্রবাহ বন্ধ হলে জীবন-জীবিকা, পরিবেশ-প্রতিবেশ সবই হুমকির মুখে পড়বে। বন্ধ হয়ে যাবে অর্থনীতির চাকা। তাই সময় থাকতে নদীকে বাঁচাতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।

টেকনাফের দমদমিয়া নৌবন্দরে ‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ শিরোনামে কাকলী প্রধানের ১০০টি নদীর তিন দিনব্যাপী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে গোলাম সাদেক বলেন, টেকনাফসহ দেশের বিভিন্ন নৌপথের নাব্য সমস্যার সমাধানে নদী খনন কার্যক্রম বাড়ানো হবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিআইডব্লিউটিএ নদী রক্ষায় শুধু নজরদারি বা আইনপ্রয়োগ করেই দায়িত্ব শেষ করছে না জনসচেতনতা তৈরিতে কাজ করছে।

শিশুদের বই প্রকাশক ‘ইকরিমিকরি’ উদ্যোগে ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় উন্মুক্ত এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। টেকনাফ ছাড়াও খুলনা, বরিশাল ও ঢাকায় এ ধরনের আরও তিনটি প্রদর্শনী হবে।

অনুষ্ঠানে ফটোসাংবাদিক কাকলী প্রধান বলেন, বিপন্ন নদীকে বাঁচিয়ে তুলতে তার এ উদ্যোগ। সাধারণ মানুষ নদী রক্ষার ব্যাপারে সচেতন হলে অবৈধ দখলদাররা পিছু হটতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত